ইসরাইলের পার্লামেন্ট নেসেট ভেঙে দেওয়ার একটি বিল প্রাথমিক ভোটে পাস হয়েছে। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে এবং আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার অনুষ্ঠিত ভোটে ১২০ সদস্যের নেসেটে ১১০ জন আইনপ্রণেতা বিলের পক্ষে ভোট দেন। বিপক্ষে কোনো ভোট না পড়লেও বাকিরা ভোটদানে বিরত থাকেন।
বিলটি এখন সংসদীয় কমিটিতে পাঠানো হবে। এরপর এটি আরও তিন দফা ভোটে অনুমোদন পেলে নেসেট বিলুপ্ত হবে এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে।
বর্তমানে ইসরাইলে আগামী ২৭ অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু বর্তমানে তার জোটসঙ্গী কট্টর ধর্মীয় দলগুলোর চাপে রয়েছেন। বিশেষ করে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অতি-রক্ষণশীল সম্প্রদায়ের তরুণদের অব্যাহতি নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করেছে, যা রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে।
অন্যদিকে বিরোধী দলগুলোও পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য পৃথক বিল আনার উদ্যোগ নিয়েছে।
জোটের চেয়ারম্যান ওফির কাটজ বলেছেন, বর্তমান জোট সরকারের সময় শেষের দিকে। তবে এই মেয়াদে সরকার ৯টি বাজেট ও ৫২০টি আইন পাস করেছে।
চূড়ান্ত অনুমোদনের আগে বিলটি আবারও নেসেটে ফিরে যাবে, যেখানে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হবে।