২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ বানিয়ে কার্টুন প্রকাশ

নরওয়ের শীর্ষস্থানীয় দৈনিক আফতেনপোস্টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রকাশিত একটি কার্টুন ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২০ মে) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কার্টুনটিতে মোদিকে সাপুড়ে হিসেবে দেখানো হয়েছে। এতে দেখা যায়, তিনি একটি পুঙ্গি বাজিয়ে জ্বালানির নল-আকৃতির সাপকে বশ করার চেষ্টা করছেন। কার্টুনটি সাম্প্রতিক পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির ইঙ্গিত হিসেবে প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে ঔপনিবেশিক যুগের পুরনো স্টেরিওটাইপের পুনরাবৃত্তি এবং বর্ণবাদী মনোভাবের প্রকাশ হিসেবে সমালোচনা করেছেন।

তবে এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর বা ভারত সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, এর আগেও ২০২২ সালে স্পেনের একটি সংবাদপত্রে ভারতের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে প্রতিবেদনে একই ধরনের ‘সাপুড়ে’ প্রতীক ব্যবহারের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছিল।

Home R3