২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

ট্যাক্স-ফ্রি সুবিধার গাড়ি নয়, বরং সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সংসদ সদস্যরা ট্যাক্স-ফ্রি গাড়ি কিংবা প্লট সুবিধা নিতে চান না। বরং অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো দায়িত্ব পালনের সুবিধার্থে একটি সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে।

উদাহরণ টেনে তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা যেমন সরকারি কাজ পরিচালনার জন্য গাড়ি পান, তেমনি সংসদ সদস্যদের জন্যও একই ধরনের ব্যবস্থা করা যেতে পারে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সংসদ সদস্যরা যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন ওই গাড়ি ব্যবহার করবেন এবং এতে অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে না। বর্তমানে এমপিদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ৭০ হাজার টাকা বরাদ্দ থাকলেও তাদের নিজস্ব কোনো গাড়ি নেই বলে উল্লেখ করেন তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, তার আগের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি কখনোই ট্যাক্স-ফ্রি গাড়ির দাবি করেননি। পাশাপাশি তিনি জানান, ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধা গ্রহণ না করার বিষয়ে সংসদের সকল সদস্য ইতোমধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এ সিদ্ধান্তের মাধ্যমে একটি অনন্য নজির স্থাপন করেছেন।