জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের বিতর্কের অবসান হওয়া জরুরি এবং এ বিষয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।
রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জুলাই আন্দোলন দেশের জন্য একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে, যা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সকল পক্ষের অংশগ্রহণ প্রয়োজন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “আমাদের আস্থা আছে, আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছে।”
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে চলমান বিভ্রান্তি দূর হবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।