আফগানিস্তান সফরের অংশ হিসেবে কাবুলে দেশটির নগর উন্নয়ন ও আবাসন উপমন্ত্রী শেখ মাদার আলী করিমি বামিয়ানির সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের উপমহাসচিব ও রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো। বৈঠকে আফগানিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সোমবার (৫ অক্টোবর) আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সূত্র অনুযায়ী, আফগান উপমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, বৈঠকে আফগানিস্তানের শাসনব্যবস্থা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, আবাসন, দেশে আফগান অভিবাসীদের ফিরে আসা, কুচি জনগোষ্ঠীর সমস্যা এবং আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ট্রানজিট ও পরিবহনপথ বন্ধ হয়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া আফগানিস্তানের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
ডিকার্লো বলেন, আফগানিস্তানের জনগণের প্রতি জাতিসংঘের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে। জাতিসংঘ আফগান জনগণের পাশে থাকবে এবং তাদের ভুলে যাবে না।
সূত্র : আরিয়ানা নিউজ