২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইয়ের চেতনা ব্যবহার করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, তাদের উচিত সে বিষয়ে সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করা।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক মতভেদ ও প্রতিযোগিতা স্বাভাবিক হলেও জাতীয় প্রশ্নে ঐক্য জরুরি। বিভেদমূলক বক্তব্য স্বৈরাচারের পুনরুত্থানের পথ তৈরি করতে পারে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য ও সংসদীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।

বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করে বিচারকদের জবাবদিহিতার আওতায় আনা সমীচীন নয়। আইনের শাসন প্রতিষ্ঠায় আইনসভা ও প্রশাসনের পাশাপাশি বিচার বিভাগের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নিয়ে জনগণের মতামত যাচাইয়ে নির্দিষ্ট প্রশ্নে গণভোট আয়োজন করা যেত। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কিছু কমিশনের সমালোচনা করে তিনি বলেন, সুনির্দিষ্ট কাজ ছাড়াই কিছু কমিশন গঠন করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার শিগগিরই একটি পূর্ণাঙ্গ ‘গুম প্রতিরোধ আইন’ আনতে যাচ্ছে, যেখানে গুমের সংজ্ঞা, শাস্তি ও বিচারিক এখতিয়ার নির্ধারণ করা হবে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনের আইন যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তব্যের শুরুতে তিনি ‘মব জাস্টিস’-এর সমালোচনা করে বলেন, এটি কখনোই ন্যায়বিচার হতে পারে না এবং আইনের শাসন দুর্বল হওয়ার ফলেই এ ধরনের সংস্কৃতির সৃষ্টি হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনসহ অন্যান্যরা।

Home R3