২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজা যুদ্ধে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ৫১ দেশ, ভারত দ্বিতীয়

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের মধ্যে, পর্দার আড়ালে ইসরাইলে অস্ত্র সরবরাহ অব্যাহত ছিল বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। দীর্ঘ অনুসন্ধানেউঠে এসেছে, যুক্তরাষ্ট্রসহ অন্তত ৫১টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে ইসরাইলে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। এই তালিকায় অস্ত্র সরবরাহের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ইসরাইলে মোট ২ হাজার ৬০৩টি সামরিক চালান পৌঁছায়, যার মূল্য প্রায় ৮৮৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৯১ শতাংশ চালান এসেছে আইসিজের নির্দেশনার পর।

সরবরাহকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অংশীদার, যা মোট আমদানির প্রায় ৪২ শতাংশ সরবরাহ করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যার অংশ প্রায় ২৬ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র, ভারত, রোমানিয়া, তাইওয়ান ও চেক প্রজাতন্ত্র ছিল প্রধান পাঁচ সরবরাহকারী দেশ।

আল-জাজিরার অনুসন্ধানে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির আহ্বান ও আন্তর্জাতিক সমালোচনার পরও বিভিন্ন দেশ ইসরাইলে গোলাবারুদ ও বিস্ফোরকসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, গণহত্যার ঝুঁকি সম্পর্কে অবগত থাকার পরও অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা আন্তর্জাতিক আইনের আওতায় সহযোগিতার দায় তৈরি করতে পারে।

জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনও ২০২৫ সালের সেপ্টেম্বরে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করে।

তবে অনেক দেশ প্রকাশ্যে সমালোচনা বা কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা বললেও বাস্তবে সরবরাহ অব্যাহত থাকার বিষয়টি বিভিন্ন বাণিজ্য ও শুল্ক তথ্য বিশ্লেষণে উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: আল-জাজিরা

Home R3