১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ, ঘর-বাড়ি ছাড়ল ৪০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার পর বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২৩ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ শহরের একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানায় থাকা স্টোরেজ ট্যাংকে অতিরিক্ত তাপ সৃষ্টি হলে এর ভেতর থেকে বিপজ্জনক গ্যাস বের হতে শুরু করে। ট্যাংকটিতে প্রায় ৬ হাজার থেকে ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট রয়েছে, যা প্লাস্টিক ও বিমান যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়।

গার্ডেন গ্রোভ ফায়ার বিভাগের প্রধান ক্রেইগ কোভি বলেন, ট্যাংকটি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ঝুঁকি বিবেচনায় গার্ডেন গ্রোভ ছাড়াও সাইপ্রেস, স্ট্যানটন, আনাহাইম, বুয়েনা পার্ক ও ওয়েস্টমিনস্টারের কিছু অংশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাংকটি বিস্ফোরিত হলে রাসায়নিক পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকর্মীরা বালুর বস্তা দিয়ে বাধ নির্মাণ করছেন, যাতে রাসায়নিক পদার্থ ড্রেন বা জলাশয়ে ছড়িয়ে না পড়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই গ্যাসের সংস্পর্শে শ্বাসকষ্ট, চোখে জ্বালা, মাথাব্যথা ও বমি বমি ভাব দেখা দিতে পারে।

গার্ডেন গ্রোভ শহরটি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্র থেকে প্রায় ৩৮ মাইল দূরে এবং ডিজনিল্যান্ডের কাছাকাছি অবস্থিত। আকস্মিক এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

Home R3