২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১৭ জুলাই) এ ঘটনা ঘটে। রোববার (১৯ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন কর্তৃপক্ষ এখনো নিহতদের পরিচয় প্রকাশ করেনি। হামলার সুনির্দিষ্ট স্থান বা পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে ইরানের বিরুদ্ধে আরও এক দফা বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়, টানা অষ্টম রাতের মতো চালানো এ হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা কমিয়ে আনা।

বিবৃতিতে আরও বলা হয়, জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য দায়ী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বাহিনীকে দ্রুত শাস্তি দেওয়াই এই অভিযানের উদ্দেশ্য। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এক সপ্তাহ ধরে নতুন করে শুরু হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটে। এর মধ্যে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করে এবং তেহরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, আমেরিকার বারবার চুক্তি লঙ্ঘন প্রমাণ করে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

Home R3