পশ্চিমবঙ্গ-এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচনের ফল ঘোষণার পরও তিনি পদত্যাগ করবেন না। মঙ্গলবার বিকেলে কালীঘাট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা-র বরাতে জানা যায়, মমতার দাবি—চক্রান্ত করে তাকে হারানো হয়েছে এবং এই ফলাফল তিনি কোনোভাবেই মেনে নিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে মমতা প্রশ্ন তোলেন, “আমি যেখানে হারিনি, সেখানে পদত্যাগের প্রশ্নই আসে না।” তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ভোট লুট করা হয়েছে এবং এতে নির্বাচন কমিশন ‘ভিলেন’-এর ভূমিকা পালন করেছে।
তিনি দাবি করেন, কমিশনের সহায়তায় ১০০টিরও বেশি আসনে কারচুপি হয়েছে, অন্যথায় ফল ভিন্ন হতে পারত। তবে সুষ্ঠুভাবে পরাজিত হলে তা মেনে নিতেন বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘদিন প্রশাসনে থেকে অনেক কিছু সহ্য করেছেন জানিয়ে মমতা বলেন, এখন তিনি দায়বদ্ধতাহীন একজন ‘মুক্ত বিহঙ্গ’। রাজপথের মানুষ হিসেবে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় জোট রাজনীতির ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মমতা। তিনি জানান, অখিলেশ যাদব-সহ বিরোধী শিবিরের নেতাদের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী দিনে এই জোটকে আরও শক্তিশালী করা হবে।
সংবাদ সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।