ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান আন্দোলন ঘিরে সরকারের সঙ্গে বৈঠক করেছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার (২০ জুলাই) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন। এ সময় জেপি নাড্ডা আন্দোলন প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেপি নাড্ডা জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলন স্থগিতের অনুরোধ করা হয়েছে।
তবে সরকারের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে সিজেপি। মুখপাত্র সৌরভ দাস এক্সে দেওয়া পোস্টে জানান, শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ বা অপসারণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। মন্ত্রী বিষয়গুলো উপযুক্ত ফোরামে আলোচনার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপ আন্দোলনকারীদের ‘সংসদ চলো’ কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই আন্দোলনের মাধ্যমে তা পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে টানা এক মাস ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে মানুষ এতে অংশ নিচ্ছেন বলে দাবি করেছে সংগঠনটি।
তথ্যসূত্র: দ্য হিন্দু।