যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সিনেটর জন ফেটারম্যান। বৈঠকে হাফপ্যান্ট ও হুডি পরে অংশ নেওয়ায় প্রোটোকল নিয়ে আলোচনা তৈরি হলেও, মূল আলোচনায় উঠে আসে ইসরাইলের প্রতি তার দৃঢ় সমর্থন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে নেতানিয়াহু ফেটারম্যানকে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের সাহসী সমর্থক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সত্যের পক্ষে নির্ভয়ে অবস্থান নেওয়ার জন্য ইসরাইল ও বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মানুষের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হচ্ছে।
জবাবে ফেটারম্যান বলেন, সিনেটে দায়িত্ব পালনকালে ইসরাইলের পাশে দাঁড়ানো তার জন্য গর্বের বিষয়। তিনি দেশটিকে ‘অলৌকিক রাষ্ট্র’ বলেও উল্লেখ করেন।
ডেমোক্র্যাটিক পার্টির ইসরাইলবিষয়ক অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে তিনি ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন। একইসঙ্গে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সমালোচনাও করেন।
ফেটারম্যান আরও জানান, গাজায় হামাসবিরোধী অভিযান, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এবং ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে পরিচালিত অভিযানের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে।
বৈঠকের শেষে নেতানিয়াহু আবারও ফেটারম্যানের প্রশংসা করে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।