৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাইল ‘ককরোচ’

ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই হয়েছে। তার দাবি, ‘ছাত্রদের ওপর যে হামলা হয়েছে, তা অমিত শাহের নির্দেশ ছাড়া সম্ভব নয়।’

এর আগে বুধবার সংসদে প্রশ্নফাঁস প্রতিরোধী বিল নিয়ে বিতর্কের সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধীও একই অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, গত ২০ জুলাই পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়, যেখানে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও পেলেট ব্যবহার করা হয়।

অভিজিৎ দীপকে আরও অভিযোগ করেন, দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের সময় পাথর নিক্ষেপের ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যাতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অজুহাত তৈরি করা যায়। তিনি এ ঘটনায় দিল্লি পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীদের দায়ী করেন।

বিদেশি অর্থায়নের অভিযোগও নাকচ করে তিনি বলেন, যদি এমন কিছু হয়ে থাকে, তবে তা ঠেকাতে না পারা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।

প্রসঙ্গত, প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের জেরে ইতোমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তবে আন্দোলনকারীদের দাবি এখনো অব্যাহত রয়েছে।

অন্যদিকে, আন্দোলন প্রত্যাহারের পরও বিভিন্ন রাজ্যে কর্মীদের হয়রানির অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান সিজেপি প্রধান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

সূত্র: আনন্দবাজার

Home R3