মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি-তে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে নতুন একটি উদ্যোগ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (০৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। তিনি জানান, এই প্রকল্পের আওতায় হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে এবং এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। বৈশ্বিক তেল-গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর ইরানের অবরোধে এই প্রণালিতে শতাধিক জাহাজ আটকা পড়ে।
ট্রাম্প তার পোস্টে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ এই প্রণালিতে আটকে আছে, যাদের অধিকাংশই চলমান সংঘাতে সরাসরি জড়িত নয়। এসব দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার সকাল (বাংলাদেশ সময় সোমবার রাত) থেকেই ‘প্রোজেক্ট ফ্রিডম’ কার্যক্রম শুরু হবে।
এই উদ্যোগকে ‘মানবিক সহায়তা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দীর্ঘদিন আটকে থাকার কারণে অনেক জাহাজে খাদ্য ও জরুরি সরবরাহের সংকট দেখা দিয়েছে। এই প্রকল্প চালু হলে জাহাজ ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং পরিস্থিতির উন্নতি ঘটবে।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে যুক্তরাষ্ট্র ‘শক্ত প্রতিক্রিয়া’ জানাবে।
**সূত্র:** এএফপি, ইন্ডিয়া টুডে