ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে সব সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার এ ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিধানসভায় দেওয়া বক্তব্যে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষা কার্যকর করা হবে। এ লক্ষ্যে অনুবাদসহ প্রয়োজনীয় অন্যান্য প্রক্রিয়াও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারত সরকার কিংবা অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা ভাষায় চিঠিপত্র আদান-প্রদান করবে এবং প্রয়োজনে হিন্দি ভাষাও ব্যবহার করা হবে।
জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহর পাঠানো একটি চিঠির প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই চিঠিতে বাংলা ভাষার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছিল।
বিধানসভায় বক্তব্যের সময় শুভেন্দু অধিকারী শিক্ষাবিদ ও রাষ্ট্রনায়ক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্বাস করতেন প্রশাসন, শিক্ষা ও জনজীবনে ভারতীয় ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। জনগণের নিজস্ব ভাষায় পরিচালিত হলেই গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরও কার্যকর ও জনমুখী হয়।
এই সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রশাসনের প্রতিটি স্তরে বাংলা ভাষার ব্যবহার আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।