১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের আরেক রণতরীতে আগুন

যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরে এটি দ্বিতীয়বারের মতো এমন দুর্ঘটনা ঘটল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার (সিভিএন-৬৯) নামের সুপারক্যারিয়ারটিতে আগুন লাগে। এতে তিন নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে নরফোক নেভাল স্টেশন-এ, যখন রণতরীটি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য ডকইয়ার্ডে অবস্থান করছিল। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজের নিজস্ব ক্রু এবং শিপইয়ার্ডের কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহত তিন নাবিককে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ রয়েছেন।

উল্লেখ্য, এর আগে মাত্র এক মাস আগে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড (সিভিএন-৭৮)-এ বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ৩০ ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়, যার ফলে রণতরীটির কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল।