যুক্তরাজ্যের নরফোকের থেটফোর্ডে টানা তৃতীয় রাতের মতো অভিবাসনবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে আশ্রয়প্রার্থীদের কয়েকটি বাড়ি থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিতে বাধ্য হয়েছে পুলিশ।
নরফোক পুলিশের প্রধান কনস্টেবল পল স্যানফোর্ড জানিয়েছেন, বিক্ষোভকারীরা আশ্রয়প্রার্থীরা থাকেন বলে সন্দেহ করা বাড়িগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালাচ্ছিলেন। পুলিশ সময়মতো হস্তক্ষেপ না করলে বিক্ষোভকারীরা এসব বাড়িতে ঢুকে পড়তে পারতেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ অনুষ্ঠানে স্যানফোর্ড বলেন, অন্তত দুটি ঘটনায় পুলিশ ওই বাড়িগুলোর বাসিন্দাদের পাহারার মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
থেটফোর্ডের বাজার এলাকায় টানা তিন রাতের বিক্ষোভে একদল বিক্ষোভকারী আশ্রয়প্রার্থীদের আবাসন বলে সন্দেহ করা বাড়িগুলোতে ভাঙচুর চালায়। এতে কয়েকটি বাড়ির জানালা ও সীমানার বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে গত তিন রাতের সহিংসতার ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
পুলিশ প্রধান বলেন, বিক্ষোভকারীরা বাড়িগুলোতে ঢুকে পড়লে পরিস্থিতি বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারত। এতে বাড়িগুলোর বাসিন্দাদের পাশাপাশি বিক্ষোভকারীরাও গুরুতর জীবনঝুঁকিতে পড়তেন।
এর আগে গত বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই সময় এক পুলিশ কর্মকর্তার মাথায় পাথর ছোড়া হয়, আরেকজনকে কামড় দেওয়া হয় এবং অন্য একজনের ওপর থুতু ফেলা হয়।
ক্লোভার ওয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন ওই দুই কর্মকর্তা। পুলিশ পরিস্থিতিকে ‘দ্রুত পরিবর্তনশীল ও অস্থির’ হিসেবে বর্ণনা করেছে।
স্যানফোর্ড বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার যারা প্রয়োগ করছেন, পুলিশ অবশ্যই তাদের পাশে রয়েছে। তবে গত তিন রাতে কিছু বিক্ষোভকারী প্রতিবাদের গ্রহণযোগ্য সব সীমা অতিক্রম করেছেন।
তিনি বলেন, পুলিশের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করা হবে।
তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তারা যে কমিউনিটিতে বসবাস করেন এবং সেবা দেন, সেই সমাজকেই রক্ষা করার চেষ্টা করছেন। তাই তাঁদের ওপর হামলার ঘটনায় অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
সূত্র: ইনডিপেনডেন্ট