চলমান যৌথ পারমাণবিক মহড়ার অংশ হিসেবে প্রতিবেশী দেশ বেলারুশের ফিল্ড স্টোরেজ বা মাঠপর্যায়ের সংরক্ষণাগারে পারমাণবিক গোলাবারুদ ও সংশ্লিষ্ট অস্ত্র সরবরাহ করেছে রাশিয়া।
বৃহস্পতিবার (২১ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার থেকে রাশিয়া ও বেলারুশজুড়ে তিন দিনব্যাপী পারমাণবিক মহড়া শুরু হয়েছে। এর অংশ হিসেবেই বেলারুশের ক্ষেপণাস্ত্র ব্রিগেডের নির্ধারিত ঘাঁটির ফিল্ড স্টোরেজে পারমাণবিক অস্ত্র ও গোলাবারুদ পৌঁছে দেওয়া হয়।
মস্কো জানায়, বেলারুশের ক্ষেপণাস্ত্র ইউনিট বর্তমানে রাশিয়ার ‘ইস্কান্দার-এম’ ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য বিশেষ পারমাণবিক ওয়ারহেড গ্রহণ ও ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছে। এতে সামরিক যানে অস্ত্র লোড করা এবং নির্ধারিত এলাকায় গোপনে অবস্থান নেওয়ার অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ঝড়-বৃষ্টির মধ্যে একটি সামরিক ট্রাক বনের ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে এবং একটি নির্দিষ্ট বস্তু নামানো হচ্ছে, যদিও সেটি স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
উল্লেখ্য, ‘ইস্কান্দার-এম’ একটি আধুনিক মোবাইল গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ন্যাটো ‘SS-26 Stone’ নামে চিহ্নিত করে। এটি সাধারণ ও পারমাণবিক—উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম এবং এর পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পারমাণবিক সক্ষমতার বিষয়টি বারবার সামনে এনে।
এদিকে লিথুয়ানিয়ার এক শীর্ষ কূটনীতিকের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে ক্রেমলিন। ওই মন্তব্যে ন্যাটোর রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে সম্ভাব্য হামলা সক্ষমতার কথা বলা হয়, যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন ও যৌথ মহড়া ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।