১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা দিলো চীন

বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত চীনা নাগরিকদের বিয়ে সংক্রান্ত অবৈধ দালাল বা ম্যাচমেকিং পরিষেবা ব্যবহার থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, কেউ যদি দালাল বা এজেন্সির মাধ্যমে স্ত্রী খোঁজার উদ্দেশ্যে বাংলাদেশে আসেন, তবে তিনি মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার হতে পারেন। এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

বাংলাদেশের আইনে মানব পাচারের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড এবং কমপক্ষে ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী এ শাস্তি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

চীনা দূতাবাস আরও জানায়, চীনা নাগরিকদের জড়িয়ে আন্তর্জাতিক বিয়ের প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তারা জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক বিয়ে অবশ্যই পারস্পরিক সম্মতি ও প্রকৃত সম্পর্কের ভিত্তিতে হওয়া উচিত। ‘কনে কেনা’র মতো প্রক্রিয়া আর্থিক শোষণ ও শারীরিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

বিদেশে বিয়ে সংক্রান্ত প্রতারণা প্রতিরোধে চীন সরকার সক্রিয় ভূমিকা রাখছে। এর আগে ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, পাকিস্তান ও নেপালে অবস্থিত চীনা দূতাবাসগুলোও একই ধরনের সতর্কতা জারি করেছিল।

চীনের সুপ্রিম পিপলস প্রকিউরেটরেটের তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত মানব পাচার ও প্রতারণামূলক ম্যাচমেকিংয়ের সঙ্গে জড়িত ১ হাজার ৫৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতারণার ধরন সম্পর্কে জানা যায়, অনেক ক্ষেত্রে চীনা পুরুষরা বিয়ের আশায় অর্থ দেওয়ার পর বিদেশি কনেদের খুঁজে পান না। আবার কিছু ঘটনায় নারীদের অপহরণ করে জোরপূর্বক বিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Home R3