১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দিল্লিতে প্রকাশ্যে দুই নারীকে শ্লীলতাহানি, দাঁড়িয়ে দেখলেন সবাই

ভারতের রাজধানী দিল্লিতে প্রকাশ্যে দুই নারীকে শ্লীলতাহানির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ মে) সকালে নেহরু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, সকাল ৭টার দিকে দুই নারী একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করতে শুরু করে। নারীদের একজন প্রতিবাদ করলে উত্ত্যক্তকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং তাদের ওপর হামলে পড়ে।

একপর্যায়ে এক নারীর পোশাক টেনে ছিঁড়ে ফেলা হয় এবং যৌন হেনস্তার অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের একজন জানান, শুরুতে প্রতিবাদ করলে উগ্র ব্যক্তিরা আরও লোক জড়ো করে, যাদের মধ্যে কয়েকজন মদ্যপ ছিলেন।

ঘটনার সময় আশপাশে অনেক মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি; বরং অনেকে দাঁড়িয়ে দেখেছেন এবং কেউ কেউ হাসাহাসি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে নারীদের গালাগাল ও হেনস্তার দৃশ্য দেখা যায়।

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফাহাদ, সাভেজ, আরিফ ও ফাহিম নামে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী দুই নারীর একজন আসামের এবং অন্যজন বিহারের বাসিন্দা বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি