২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দাবি নাহিদ ইসলামের

জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দাবি নাহিদ ইসলামের

জুলাই আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার রাজধানীর বিএমএ ভবন মিলনায়তন-এ অনুষ্ঠিত ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদরাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের ১৭-১৮ তারিখে আন্দোলন স্তিমিত হয়ে পড়লেও মাদরাসা ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা পুনরুজ্জীবিত করেন। তিনি দাবি করেন, দেশের অধিকার আদায়ে অতীতে যেমন ওলামা কেরাম ত্যাগ স্বীকার করেছেন, তেমনি সাম্প্রতিক সময়েও মাদরাসা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এই ত্যাগকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না’—এমন মন্তব্যের আড়ালে আন্দোলনের আকাঙ্ক্ষাকে খাটো করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও বাস্তবে গণতন্ত্র ক্ষুণ্ন হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠন ও প্রাতিষ্ঠানিক সংস্কার। তবে এ আন্দোলনের ফল থেকে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি বলেও মন্তব্য করেন তিনি।

অবিলম্বে সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হয়নি এবং বর্তমান পরিস্থিতিকে জুলাই বিপ্লবের জনগণের আকাঙ্ক্ষার আলোকে ব্যাখ্যা করতে হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরহাদ মজহার, মুসা আল হাফিজ এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।

Home R3