২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

জার্মানি সফরকালে অপ্রত্যাশিত এক ঘটনার মুখে পড়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। তার ওপর তরল পদার্থ নিক্ষেপের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ।

তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিন-এর কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটে। এতে তিনি গুরুতরভাবে আহত না হলেও ঘটনাটি তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি করে।

প্রতিবেদনে বলা হয়, ফেডারেল প্রেস কনফারেন্স থেকে বের হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাওয়ার সময় এক ব্যক্তি তার কাছে এগিয়ে এসে লাল রঙের মতো তরল পদার্থ নিক্ষেপ করেন। তা পাহলভির ঘাড় ও কাঁধের পেছনে লাগে।

ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়। পরে পাহলভি দ্রুত স্থান ত্যাগ করেন।

এর আগে সংবাদ সম্মেলনে তিনি ইরানে সামরিক হামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। এই ধরনের অভিযানকে ‘মানবিক হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য এটি প্রয়োজনীয়।

ঘটনাটি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।