ইসরাইলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের ‘তজাবার’ ব্যাটালিয়নের প্রায় ১০০ সেনাসদস্য কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এ সময় তারা অস্ত্র ঘাঁটিতে রেখে নেগেভ মরুভূমির ‘সদে তেইমান’ ঘাঁটি ত্যাগ করেন।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাতে আলজাজিরা জানিয়েছে, কমান্ডারদের সিদ্ধান্তের প্রতিবাদে এই ঘটনা ঘটে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ব্যাটালিয়ন কমান্ডার পুরোনো ও নতুন সেনাদের সঙ্গে জড়িত কিছু প্রতীক অপসারণের নির্দেশ দিলে বিরোধের সূচনা হয়।
ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, সেনাদের দাবি—এই প্রতীকগুলো গাজা ও লেবাননে যুদ্ধের সময় থেকে তাদের ঐতিহ্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এবং নতুন ইউনিটের কাছে হস্তান্তর করা হতো।
এদিকে, ইসরাইলি সংবাদমাধ্যম মারিভের এক সামরিক সূত্রের বরাতে জানানো হয়, এই ঘটনার কারণে ব্যাটালিয়নটি গাজায় সম্ভাব্য অভিযানে অংশগ্রহণের সক্ষমতা হারিয়েছে।
অন্যদিকে ইসরায়েল হায়োম জানায়, বিদ্রোহী সেনারা সামরিক সরঞ্জাম ও অস্ত্র ঘাঁটিতেই রেখে কেবল ব্যক্তিগত ব্যাগ নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে চলে যান।