২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৭ জুলাই) মিশিগানে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরান ইস্যুতে কাজ করার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে। ইতিবাচক কিছু হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।”

এ সময় ট্রাম্প জানান, ইরানকে সহায়তার জন্য রাশিয়া স্যাটেলাইট চিত্র সরবরাহ করছে কি না, সে বিষয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, “আমি পুতিনকে জিজ্ঞাসা করব। যদি কিছু না হয়, তাহলে আমরা দুই দিন আগে যা করছিলাম, সেখানেই ফিরে যাব।”

টানা ১৩ রাতের মার্কিন হামলার পর গত তিন দিন ধরে নতুন কোনো হামলা না হওয়ায় দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার একটি সীমিত সুযোগ তৈরি হয়েছে। তবে এর আগে হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছিল।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নেতারাই আলোচনার অনুরোধ জানিয়েছে। তবে তেহরান এ দাবি অস্বীকার করেছে।

Home R3