যুক্তরাষ্ট্র কার্যত ইরানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে তিনি তাড়াহুড়ো করতে চান না বলেও জানান তিনি।
বুধবার (২০ মে) ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
ইরানের সঙ্গে চুক্তি করতে দেরি হচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বিষয়টি গুরুত্বহীন বলে উল্লেখ করেন। তিনি আফগানিস্তান ও ভিয়েতনাম যুদ্ধের দীর্ঘ সময়কাল তুলে ধরে বলেন, বড় ধরনের আন্তর্জাতিক ইস্যুতে সময় লাগতেই পারে।
ট্রাম্প বলেন, আমি মাত্র তিন মাস ধরে দায়িত্বে আছি। এর একটি বড় অংশই যুদ্ধবিরতির মধ্যে কেটেছে। আমরা তাড়াহুড়া করছি না, ইরানকে আমরা একটি সুযোগ দিতে চাই।
এ সময় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ‘কার্যত ইরানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে’। এর আগে তিনি আরও বলেছিলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুতই শেষ হবে।
অন্যদিকে ইরান জানিয়েছে, তারা এমন কোনো চুক্তিতে যাবে না, যা তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। তবে যুক্তরাষ্ট্র আশাবাদী, নিজেদের স্বার্থ বজায় রেখেই ইরানকে আলোচনায় আনা সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।