খেলার মাঠে হঠাৎ ঢুকে পড়ল পিকআপ, শিশুসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে যুব ফুটবল খেলার মাঠে পিকআপ ঢুকে পড়ার ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (১৭ অক্টোবর) শহরের স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে উইচিটা পুলিশ।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, কালো রঙের শেভ্রোলেট সিলভেরাডো পিকআপ নিয়ে এক চালক মাঠে ঢুকে পড়েন। পরে তাকে গ্রেফতার করা হয়।

উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস জানান, ঘটনাস্থলে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপটি ঘটনাস্থলেই রয়েছে এবং চালক পুলিশের হেফাজতে আছেন। তার কাছ থেকে জনসাধারণের জন্য নতুন করে কোনো ঝুঁকি নেই।