পর্তুগালে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা! তিন জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি

পর্তুগালের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কায় তিন জেলায় সর্বোচ্চ মাত্রার আবহাওয়া সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া ও সমুদ্রবিষয়ক সংস্থা (আইপিএমএ)।

শনিবার (২১ নভেম্বর) কোইমব্রা, ভিসেউ ও গুয়ার্দা জেলায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লাল সতর্কতা কার্যকর রয়েছে।

এ ছাড়া আট জেলায় কমলা এবং পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় ও পাহাড়ি এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কয়েকটি নদীর পানির উচ্চতা বেড়ে বন্যার ঝুঁকিও তৈরি হয়েছে।

জাতীয় জরুরি ও নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ বাসিন্দাদের বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলা, পানি নিষ্কাশনের নালা পরিষ্কার রাখা এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, রোববার (২২ নভেম্বর) বৃষ্টির তীব্রতা কমে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে নদীর পানি বাড়তে থাকায় বন্যার ঝুঁকি অব্যাহত থাকতে পারে।

সূত্র : পর্তুগাল রেসিডেন্ট

Home R3