ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত বাজেট ৪৪ বিলিয়ন ইউরো কমানোর প্রস্তাব

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আগামী সাত বছরের বাজেট থেকে আরও ৪৪ বিলিয়ন ইউরো কমানোর প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত সময়ের জন্য প্রস্তাবিত এ বাজেটে আঞ্চলিক উন্নয়ন ও বিদেশি সহায়তা খাতে বরাদ্দ কমানোর কথা বলা হয়েছে। তবে কৃষকদের ভর্তুকি অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নতুন প্রস্তাবে আঞ্চলিক উন্নয়ন খাতে ৮ বিলিয়ন, প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর খাতে ২০ বিলিয়ন এবং বিদেশি সহায়তা খাতে ৭ বিলিয়ন ইউরো কমানোর কথা বলা হয়েছে। পাশাপাশি করোনার পর নেওয়া ঋণ পরিশোধ পিছিয়ে দিয়ে আরও ১০ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, গুগল ও মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নতুন কর আরোপের প্রস্তাব দিয়েছেন কস্তা। যেসব প্রতিষ্ঠানের বার্ষিক বৈশ্বিক আয় ৭৫০ মিলিয়ন ইউরোর বেশি এবং ইউরোপীয় ইউনিয়নে আয় ৫০ মিলিয়ন ইউরোর বেশি, তারা এ করের আওতায় আসতে পারে। এ খাত থেকে বছরে প্রায় ৫ বিলিয়ন ইউরো আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া প্লাস্টিক ও ইলেকট্রনিক বর্জ্য, কার্বন আমদানি এবং ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান থেকেও অতিরিক্ত রাজস্ব আদায়ের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবটিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস প্রাথমিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও বাজেট আরও কমানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ইউরোপীয় পার্লামেন্টের বাজেট আলোচক সিগফ্রিড মুরেসান প্রস্তাবটির সমালোচনা করে বলেছেন, এভাবে বরাদ্দ কমানো হলে পার্লামেন্টের অনুমোদন পাওয়া কঠিন হবে।

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইইউ নেতাদের সম্মেলনে বাজেট নিয়ে চূড়ান্ত সমঝোতার আশা করছেন কস্তা। তবে বাজেট কার্যকর করতে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনও প্রয়োজন হবে।

সূত্র : পলিটিকো

Home R3