পর্তুগালে ক্রমবর্ধমান আবাসন সংকটের প্রতিবাদে শনিবার (১৪ নভেম্বর) দেশটির ৩২টি শহরে বিক্ষোভ নামছেন হাজারো মানুষ। বাড়িভাড়া নিয়ন্ত্রণ, উচ্ছেদ বন্ধ এবং সাশ্রয়ী সরকারি আবাসনের সংখ্যা বাড়ানোর দাবিতে ‘কাসা পারা ভিভের’ উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, ভাড়াসংক্রান্ত আইনে সরকারের প্রস্তাব বাতিল করতে হবে। পাশাপাশি বাড়িভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের উচ্ছেদ ঠেকানো এবং স্বল্পমূল্যের সরকারি আবাসনের সরবরাহ বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পর্তুগালের সংবাদ সংস্থা লুসাকে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনের মুখপাত্র রিতা সিলভা বলেন, বিক্ষোভে মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে, আবাসন সংকট শুধু লিসবন ও পোর্তোর সমস্যা নয়; পুরো দেশই এ সংকটে আক্রান্ত। সমস্যাটি সাময়িক নয় উল্লেখ করে কার্যকর পরিবর্তন না আসা পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রায় ১০০টি আবাসন অধিকার ও তৃণমূল সংগঠন নিয়ে গঠিত প্ল্যাটফর্মটি বাড়িভাড়া, ভাড়ার চুক্তি, উচ্ছেদ, খালি পড়ে থাকা বাড়ি, স্বল্পমেয়াদি পর্যটন আবাসন এবং আবাসন খাতে জল্পনামূলক বিনিয়োগের ওপর কঠোর নিয়ন্ত্রণ দাবি করছে। একই সঙ্গে সরকারি আবাসন খাতে বিনিয়োগ বাড়ানো এবং উচ্ছেদের ঝুঁকিতে থাকা ভাড়াটিয়াদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।