ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর দেশি বোমা বিস্ফোরণে রাজেন্দ্র বারৌটিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুনো শূকর শিকারের জন্য তৈরি ওই বোমাকে মিষ্টি ভেবে তাঁকে খেতে দেওয়া হয়েছিল। গত ১০ নভেম্বর (মঙ্গলবার) এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ৩৫ বছর বয়সী রাজেন্দ্র মধ্যপ্রদেশের দিন্ডোরি জেলার একটি গ্রামে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে আগুনের পাশে বসে ছিলেন। এ সময় গ্রামের এক ব্যক্তি তাঁকে মিষ্টিসদৃশ একটি বস্তু খেতে দেন। রসগোল্লা ভেবে সেটি মুখে দেওয়ার পরই বিস্ফোরণ ঘটে।
পুলিশ কর্মকর্তা রেখা সিং এএফপিকে জানান, এলাকার কিছু আদিবাসী মানুষ বুনো শূকর শিকারে এ ধরনের দেশি বোমা ব্যবহার করেন। তেমনই একটি বোমা রাজেন্দ্রকে দেওয়া হয়েছিল, যা তাঁর মুখেই বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রেখা সিং। কাউকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছিল, নাকি নিছক দুষ্টুমি ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।
মধ্যপ্রদেশের কিছু এলাকায় বুনো শূকর শিকারের জন্য আতশবাজি কিংবা পাথরখনি থেকে সংগ্রহ করা বারুদ আটার গোলার ভেতরে দিয়ে বিস্ফোরক তৈরি করা হয়। আকারে রসগোল্লার মতো দেখতে এমন বিস্ফোরকই মিষ্টি ভেবে খেয়ে ফেলেছিলেন রাজেন্দ্র।