পর্তুগালের আবাসন সংকট সমাধানে সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো। সম্প্রতি আবাসনের অধিকার নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক শেষে তিনি এ কথা জানান।
প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে তরুণ, পরিবার ও বয়স্কদের আবাসন সমস্যার পাশাপাশি বড় শহরের উপকণ্ঠে বসবাসকারীদের দুরবস্থা, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেন আন্দোলনকারীরা।
বৈঠকে অংশ নেওয়া আন্দোলনকারীরা জানান, প্রেসিডেন্ট তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং আবাসন সংকট নিয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছেন। পুলিশের সহিংসতা ও সাধারণ মানুষের দুর্ভোগের বর্ণনা শুনে তিনি আবেগাপ্লুতও হন।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ভাড়া আইন সংশোধনের উদ্যোগ বন্ধ, মানুষের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া নির্ধারণ, বিকল্প আবাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ ও বাড়িঘর ভাঙা বন্ধ, সরকারি আবাসন বাড়ানো এবং খালি পড়ে থাকা বাড়িগুলো সংস্কার করে ব্যবহারের উপযোগী করা।
প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন, সংসদ ও সরকারের এখতিয়ারভুক্ত বিষয়ে তিনি সরাসরি কোনো অবস্থান নেবেন না। তবে আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে আলোচনাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
সূত্র : পর্তুগাল রেসিডেন্ট