জেন-জি বিক্ষোভে টালমাটাল জার্মানি; ফ্রাঙ্কফুর্টে লুটপাট

জার্মানিতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো, জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক সেবার বিরোধিতা করে বিক্ষোভ করেছেন হাজারো তরুণ।

শনিবার (৩১ অক্টোবর) দেশটির ৩৪টি শহরে এ কর্মসূচির আয়োজন করে ‘জেন জেড রেগেল্ট’ নামের একটি সংগঠন।

রাজধানী বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অধিকাংশ স্থানে কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও ফ্রাঙ্কফুর্টে সহিংসতা ছড়িয়ে পড়ে। সেখানে মুখোশধারীরা অন্তত দুটি দোকানে লুটপাট চালান এবং কয়েকটি দোকান ভাঙচুর করেন। জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

আয়োজকেরা প্রায় ১ লাখ ৮২ হাজার মানুষের অংশগ্রহণ আশা করলেও পুলিশের হিসাবে ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও বার্লিনে বিক্ষোভকারীর সংখ্যা ছিল সর্বোচ্চ ১৮ হাজার।

বিক্ষোভে তরুণদের আর্থিক চাপ কমানো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো এবং বাধ্যতামূলক সামরিক সেবা বাতিলের দাবি জানানো হয়। আন্দোলনের মুখপাত্র লিনা ফ্রিডরিখ বলেন, যুদ্ধ ও জবরদস্তির পরিবর্তে শান্তি ও স্বাধীনতা চান তাঁরা।

আয়োজকদের অভিযোগ, সরকার তরুণদের সমস্যার সমাধান না করে বিভিন্ন খাতে ব্যয় সংকোচনের মাধ্যমে তাঁদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। তবে আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের অংশগ্রহণ থাকায় এটি প্রকৃত অর্থেই তরুণদের নেতৃত্বাধীন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় জার্মানিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

সূত্র: রয়টার্স

Home R3