চাকরি পরিবর্তন করলে বাতিল হতে পারে পর্তুগালের বাড়ি কেনার করছাড়

পর্তুগালে প্রথম বাড়ি কেনার সময় ‘আইএমটি জোভেম’ করছাড় পাওয়া তরুণদের চাকরি পরিবর্তনের কারণে বিপাকে পড়তে হতে পারে। বিশেষ করে নতুন চাকরির জন্য অন্য শহরে চলে গেলে এবং আগের বাড়িতে বসবাস বন্ধ করলে ফেরত দিতে হতে পারে বাড়ি কেনার সময় পাওয়া করছাড়ের অর্থ।

পর্তুগালের কর কর্তৃপক্ষ (এটি) জানিয়েছে, কর্মস্থল ১০০ কিলোমিটারের বেশি দূরে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুযোগ থাকলেও নতুন প্রতিষ্ঠানে চাকরি শুরু করলে সেই সুবিধা নাও পাওয়া যেতে পারে।

সম্প্রতি এক করদাতার আবেদনের পর দেওয়া এক সিদ্ধান্তে এ ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। ওই ব্যক্তি ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম বাড়ি কিনে করছাড় পান। ২০২৫ সালের জুনে তাঁর চাকরির চুক্তি শেষ হয় এবং পরের মাসে অন্য প্রতিষ্ঠানে নতুন চাকরি শুরু করেন। নতুন কর্মস্থল বাড়ি থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরে হওয়ায় তিনি অন্য জায়গায় বসবাসের সিদ্ধান্ত নেন। পাশাপাশি আগের বাড়িটি ভাড়া দিতে চেয়েছিলেন। তবে কর কর্তৃপক্ষ জানায়, এ ক্ষেত্রে করছাড় বহাল রাখার আইনি সুযোগ নেই।

নিয়ম অনুযায়ী, ‘আইএমটি জোভেম’ সুবিধা পেতে বাড়ি কেনার পর অন্তত ছয় বছর সেটিকে স্থায়ী আবাসস্থল হিসেবে ব্যবহার করতে হয়। তবে বিয়ে, বিচ্ছেদ, পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি কিংবা একই প্রতিষ্ঠানের মাধ্যমে ১০০ কিলোমিটারের বেশি দূরে কর্মস্থল স্থানান্তরের মতো কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে।

২০২৬ সালে ৩৫ বছর বা তার কম বয়সী যোগ্য ব্যক্তিরা সর্বোচ্চ ৩ লাখ ৩০ হাজার ৫৩৯ ইউরো মূল্যের প্রথম বাড়ি কেনার ক্ষেত্রে সম্পূর্ণ আইএমটি করছাড় পাচ্ছেন। পাশাপাশি শর্ত পূরণ করলে স্ট্যাম্প ডিউটি থেকেও অব্যাহতি পাওয়া যায়।

করছাড় বাতিল হলে বাড়ি কেনার সময় যে পরিমাণ আইএমটি কর দিতে হতো, তা পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে কর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় ঘোষণা জমা দিয়ে কর পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সময়সীমা অতিক্রম করলে অতিরিক্ত সুদও দিতে হতে পারে।

কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, একই প্রতিষ্ঠানের অধীনে কর্মস্থল পরিবর্তন এবং চাকরির চুক্তি শেষ করে নতুন প্রতিষ্ঠানে যোগ দেওয়া এক বিষয় নয়। তাই ছয় বছরের মধ্যে বাড়ি ছেড়ে অন্যত্র যাওয়ার আগে করছাড়ের সম্ভাব্য প্রভাব বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র : দ্য পর্তুগাল নিউজ

Home R3