পর্তুগালে অভিবাসীদের আগমন কমেছে ৮৫ শতাংশ; পুরোনো আবেদন নিষ্পত্তি ৯৮ শতাংশ

পর্তুগালে নতুন অভিবাসন নীতির প্রথম পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। অভিবাসন প্রবাহের বৃদ্ধির হার ৮৫ শতাংশ কমেছে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুরোনো অভিবাসন আবেদনের ৯৮ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে।

গত মাসে পর্তুগালের সংসদে সরকারি শুনানিতে এসব তথ্য তুলে ধরেন প্রেসিডেন্সিমন্ত্রী আন্তোনিও লেইতাও আমারো।

তিনি বলেন, অভিবাসন নিয়ন্ত্রণের অর্থ বিদেশিদের জন্য দেশের দরজা বন্ধ করা নয়। বরং অর্থনৈতিক চাহিদা ও সামাজিক অন্তর্ভুক্তির সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসন পরিচালনা করাই সরকারের লক্ষ্য।

মন্ত্রী জানান, প্রায় ৪ লাখ ৪৫ হাজার ম্যানিফেস্তাসাঁও দে ইন্তেরেসে আবেদনের মধ্যে মাত্র ৫ হাজার এখনো ঝুলে রয়েছে। বাকি ৯৮ শতাংশ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে কিছু আবেদনকারীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও জবাব না পাওয়ায় কয়েকটি আবেদন এখনো অপেক্ষমাণ।

এ ছাড়া ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিমানবন্দরগুলোতে অভিবাসন নিয়ন্ত্রণের সক্ষমতা ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সীমান্ত ও দেশের অভ্যন্তরে নজরদারিও জোরদার করেছে সরকার।

অন্যদিকে, অভিবাসী শিক্ষার্থীদের সহযোগিতায় স্কুলগুলোতে মধ্যস্থতাকারীর সংখ্যা ২০২৪ সালের ৩০০ থেকে বাড়িয়ে চলতি শিক্ষাবর্ষে ৪০০ করা হয়েছে। বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশিদের জাতীয় স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারও পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রী।

সরকারের দাবি, নতুন নীতির মাধ্যমে একদিকে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করা হচ্ছে, অন্যদিকে বৈধ অভিবাসীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব পরিবর্তনের সুফল অভিবাসীদের দৈনন্দিন জীবন ও রেসিডেন্স পারমিট প্রক্রিয়ায় কতটা প্রতিফলিত হয়, সেটিই এখন দেখার বিষয়।

Home R3