এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহার বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় চাপে পড়েছে মূল্যবান এই ধাতুর বাজার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৬ নভেম্বর) স্পট গোল্ডের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৩০ দশমিক ৭৪ ডলারে নেমে আসে। ২০২৫ সালের ২ অক্টোবরের পর এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম। গত জানুয়ারিতে রেকর্ড ৫ হাজার ৫৯৪ ডলারে পৌঁছানোর পর থেকে স্বর্ণের দাম কমেছে প্রায় ৩১ দশমিক ৫ শতাংশ।

তবে মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৬৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৭১ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দামের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বরে সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশাও স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।

স্বর্ণের দামে পতনের পেছনে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিও ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়ানোর সম্ভাবনাও জোরালো হয়েছে। এ ছাড়া প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দরপতনও স্বর্ণ বিক্রির চাপ বাড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আর্থিক বাজারে বড় ধরনের লোকসান সামাল দিতে অনেক বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করছেন। ফলে স্বর্ণের দাম দ্রুত ঘুরে দাঁড়াবে, এমন নিশ্চয়তা নেই।

নাগা.কমের বাজার বিশ্লেষক ফ্র্যাঙ্ক ওয়ালবাম বলেন, ‘ডলারের কিছুটা দুর্বলতা এবং মার্কিন বন্ডের সুদের হার কমা কিছুটা সমর্থন দিলেও, হলুদ ধাতুটির ওপর নিম্নমুখী চাপের আশঙ্কা এখনো রয়েছে।’

কিছু বিশ্লেষক সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০১৫ সালের পর স্বর্ণের জন্য সবচেয়ে খারাপ বছর হতে পারে ২০২৬ সাল।

অন্যদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামেও ওঠানামা দেখা গেছে। আগের সেশনে ২০২৫ সালের অক্টোবরের শেষ দিকের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে।

Home R3