হরমুজ প্রণালিতে মার্কিন সামুদ্রিক ড্রোন আটক করল ইরান

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামুদ্রিক ড্রোন আটক করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, গোয়েন্দা তথ্য ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা কাজে লাগিয়ে একটি সমন্বিত ও জটিল অভিযানের মাধ্যমে ড্রোনটি আটক করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি এ তথ্য জানায় বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে। আইআরজিসির দাবি, আটক করা যানটি ‘রেমাস ৬০০’ নামের একটি অত্যাধুনিক পানির নিচে চলাচলকারী মানববিহীন যান। এর তথ্য উদ্ধারের জন্য এটি বর্তমানে আইআরজিসির বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে।

আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি আইআরজিসির একটি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, হরমুজ প্রণালিতে গুপ্তচরবৃত্তির কাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের একটি উন্নত ড্রোন আটক করেছে আইআরজিসি নৌবাহিনী। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যানটিকে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে জব্দ করা হয়েছে এবং এর তথ্য উদ্ধারের কাজ করছেন ইরানি বিশেষজ্ঞরা।

আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি ‘বন্ধ রয়েছে’। কৌশলগত এই সমুদ্রপথে বিপজ্জনক কর্মকাণ্ড এবং অনুমোদনহীন পথে জাহাজ চলাচলের বিরুদ্ধে তারা নিয়মিত ও কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে বলেও জানানো হয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে যুক্তরাষ্ট্রের আরেকটি উন্নত পানির নিচে চলাচলকারী মানববিহীন যান শনাক্ত ও জব্দ করার দাবি করেছিল আইআরজিসি নৌবাহিনী। ওই যানটিকে ‘ডাইভ এলডি’ হিসেবে শনাক্ত করা হয়।

ডাইভ এলডি মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের তৈরি একটি স্বয়ংক্রিয় মানববিহীন পানির নিচের যান। ২০২৫ সালে এটি প্রথমবার মার্কিন নৌবাহিনীর আনম্যানড আন্ডারসি ভেহিকল গ্রুপ ওয়ানের কাছে সরবরাহ করা হয়।

প্রায় ৫ দশমিক ৮ মিটার দীর্ঘ ডাইভ এলডি গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান, সমুদ্রতলের মানচিত্র তৈরি, অবকাঠামো পরিদর্শন এবং মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার মতো বিভিন্ন কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

Home R3