জার্মানিতেও জেন-জি আন্দোলনের ডাক

ফ্রান্সের ছাত্র-যুব আন্দোলনের রেশ এবার জার্মানিতেও ছড়িয়ে পড়ছে। শিক্ষার উন্নত সুযোগ, ভবিষ্যতের নিশ্চয়তা, জলবায়ু সুরক্ষা এবং বাধ্যতামূলক সামরিক সেবা পুনরায় চালুর সম্ভাবনার বিরুদ্ধে শনিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ‘জেন জি রেগেল্ট’ নামে একটি যুব সংগঠন।

রাজধানী বার্লিনসহ কোলোন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখে বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশটির আরও প্রায় ৩০টি শহরে কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে তরুণদের এই আন্দোলনে যুক্ত করা হচ্ছে।

ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতার ঘটনার পর জার্মানিতেও অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষমতাসীন শিবিরের কয়েকজন রক্ষণশীল নেতা। তবে আয়োজকদের দাবি, তাঁদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে।

এদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলোর একাংশও তরুণদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। গ্রিন পার্টির পার্লামেন্টারি নেত্রী ক্যাথারিনা ড্র্যোগে বলেছেন, সরকারের উদাসীনতার কারণে তরুণদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক।

অন্যদিকে, সমাজকল্যাণ ও পেনশন ব্যবস্থার সম্ভাব্য সংস্কারকে ‘সামাজিক নিষ্ঠুরতা’ আখ্যা দিয়ে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বাম দলও।

তরুণদের শিক্ষা, ভবিষ্যৎ নিরাপত্তা ও জলবায়ু সুরক্ষার দাবির পাশাপাশি বাধ্যতামূলক সামরিক সেবা পুনরায় চালুর বিরোধিতা এই আন্দোলনের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। এর মধ্য দিয়ে জার্মানিতে তরুণ প্রজন্মের অসন্তোষ রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Home R3