তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

ইসরাইলের নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকতে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু।

প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষে দেশটির তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে দেখা যায়, নেতানিয়াহুর ডানপন্থি জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোটের সম্ভাব্য আসন ৪৮। আরব ইসরাইলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো পেতে পারে ১৯টি আসন।

এর ফলে, আরব দলগুলোর ব্যাপক সমর্থন ছাড়া আইজেনকোটের ক্ষমতায় আসার কোনো বাস্তবসম্মত পথ খোলা নেই।

আইজেনকোটের জোট প্রত্যাশার তুলনায় কম আসন পাওয়ায় নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো কঠিন হয়ে পড়েছে। নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চলাকালে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে আগামী বছর আরেকটি নির্বাচন না হওয়া পর্যন্তও তিনি এই পদে থাকতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, তত্ত্ববধায়ক সরকারের কিছু সীমাবদ্ধতা থাকলেও তাদের হাতে যথেষ্ট ক্ষমতা থাকে, যার মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধের মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত।

বুধবার ভোরে নিজ দল লিকুদের সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু একটি শক্তিশালী ডানপন্থি জাতীয় সরকার গঠনের আহ্বান জানান। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযান পুনরায় চালানোর সম্ভাবনার কথাও বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর নির্বাচনি ফলাফলের প্রশংসা করে দাবি করেন, তার সমর্থন এতে ভূমিকা রেখেছে।

Home R3