অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি আলোচিত ইসলামি বক্তা ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি তিনি জানিয়েছেন, মানুষের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতির কারণেই তিনি দায়িত্ব দুটি গ্রহণ করেননি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জন্য তাঁকে ফোন করা হলে তিনি জানান, এত বড় দায়িত্ব পালনের জন্য তিনি প্রস্তুত নন। বরং তিনি নিজেই ড. আ ফ ম খালিদ হোসেনের নাম প্রস্তাব করেন এবং সরকারের কাছে তাঁর সিভি পাঠিয়ে দেন।
পরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নতুন খতিব নিয়োগের সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা শায়খ আহমাদুল্লাহকে দায়িত্বটি গ্রহণের অনুরোধ করেন। সরকারের বাইর থেকেও অনেকে তাঁকে দায়িত্বটি নেওয়ার জন্য উৎসাহিত করেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি।
এর কারণ ব্যাখ্যা করে শায়খ আহমাদুল্লাহ বলেন, আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে একটি আদর্শ বহুমুখী মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। সাধারণ মানুষের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওই মসজিদে তিনি নিজেই জুমার নামাজ পড়াবেন।
তিনি বলেন, তাঁর এই প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই সাধারণ মানুষ মসজিদ নির্মাণে উদারভাবে অনুদান দিয়েছেন। বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব গ্রহণ করলে মানুষের সঙ্গে করা সেই প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হতো না।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, তিনি যে মসজিদ কমপ্লেক্স নির্মাণ করছেন, সেটিকে শুধু ইবাদতের স্থান হিসেবে নয়, বরং সমাজের বহুমুখী কল্যাণের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান।
তিনি মনে করেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য সরকারি পদ কিংবা বড় কোনো প্রশাসনিক দায়িত্বে থাকা অপরিহার্য নয়। একজন মানুষ নিজের অবস্থান থেকেই সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।