রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে এলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, “মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেয়। সুইডেন আসলামকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।”
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারা ভোগ করেন আসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।