বৃহত্তম মুসলিম দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ ৫ম

২০৭০ সালের মধ্যে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করতে পারে পাকিস্তান। একই সময়ে বাংলাদেশ থাকবে পঞ্চম অবস্থানে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক জনসংখ্যা পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।

গত ১৮ নভেম্বর প্রকাশিত ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’ শীর্ষক গবেষণা অনুযায়ী, ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৩৬০ কোটিতে পৌঁছাতে পারে। যা হবে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ। বর্তমানে বিশ্ব জনসংখ্যার প্রায় ২৬ শতাংশ মুসলিম।

গবেষণায় বলা হয়েছে, ২০৭০ সালে পাকিস্তানের মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে। বর্তমানে সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া হলেও আগামী কয়েক দশকে দেশটিকে ছাড়িয়ে যাবে পাকিস্তান।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে ভারত। দেশটিতে মুসলিম জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৩৩ কোটি ৪০ লাখে। তৃতীয় অবস্থানে উঠে আসতে পারে নাইজেরিয়া, যেখানে মুসলিম জনসংখ্যা হতে পারে প্রায় ২৮ কোটি ২০ লাখ। আর প্রায় ২৭ কোটি ৪০ লাখ মুসলিম জনসংখ্যা নিয়ে ইন্দোনেশিয়া নেমে যেতে পারে চতুর্থ অবস্থানে।

অন্যদিকে, ২০৭০ সালে বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২১ কোটি ৮২ লাখ হতে পারে। এ হিসাবে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান হবে পঞ্চম।

পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় আগামী ৫০ বছরে বিশ্বের ধর্মভিত্তিক জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। ২০১টি দেশ ও অঞ্চলের তথ্যের ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়েছে, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।

গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। গোষ্ঠীগুলো হলো মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেন না এমন মানুষ।

এ ক্ষেত্রে ২০২০ সালের আদমশুমারি ও জরিপের তথ্যের পাশাপাশি প্রজনন হার, জনসংখ্যার গড় বয়স এবং ধর্ম পরিবর্তনের মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ইন্দোনেশিয়ায় মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২৩ কোটি ৯৯ লাখ। একই সময়ে পাকিস্তানে ২২ কোটি ৬৯ লাখ, ভারতে ২১ কোটি ৩১ লাখ এবং বাংলাদেশে ১৫ কোটি ১৪ লাখ মুসলিম বসবাস করতেন।

গবেষণায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে তুলনামূলক বেশি জন্মহার ও তরুণ জনগোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। অন্যদিকে অমুসলিম নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ০।

Home R3