ইসরাইলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে স্বাগত জানালেও তিনি বলেছেন, শুধু এই পদক্ষেপ যথেষ্ট নয়। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চালানো গণহত্যায় যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়টিও বন্ধ করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির নেতা হাকিম জেফরিস ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে একটি বিল উত্থাপনের পরিকল্পনা করেছেন। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মামদানি বলেন, বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে বহু ফিলিস্তিনির জীবন ও জীবিকা বিপর্যস্ত হচ্ছে।
তবে মামদানি বলেন, ‘এর বাইরেও আমাদের নজর দিতে হবে। বিভিন্ন প্রশাসনের অধীনে আমাদের দেশ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যায় অর্থায়ন করেছে। এখন আমাদের ভিন্ন পথ বেছে নেওয়ার সময় এসেছে।’
আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর পর প্রথম ১০০ দিনের মধ্যে বিলটি উত্থাপনের পরিকল্পনা জানিয়েছেন জেফরিস। আগামী বছরের জানুয়ারিতে তিনি প্রতিনিধি পরিষদের স্পিকার হতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মামদানির এ বক্তব্য এমন সময়ে এল, যখন ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরাইল বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পুনর্বিবেচনার দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনার বিষয়টি নিয়ে দলটির মধ্যে আলোচনা বাড়ছে।