ইউরোপজুড়ে উড়োজাহাজে বোমা হামলার হুমকি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউরোপের বিভিন্ন দেশে যাত্রীবাহী উড়োজাহাজে ধারাবাহিক বোমা হামলার হুমকিতে বিমান চলাচল ব্যাহত হয়েছে। জরুরি তল্লাশির কারণে পোল্যান্ডের রাজধানী ওয়ারশর একটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অন্যদিকে, ইতালিতে রায়ানএয়ারের একটি উড়োজাহাজকে পাহারা দিয়ে রোমে নিয়ে যায় দেশটির বিমানবাহিনী।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) দেওয়া সব হুমকিই শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। অন্তত সাতটি ফ্লাইট এবং ইসরাইলগামী একটি প্রমোদতরিকে লক্ষ্য করে এসব হুমকি দেওয়া হয়। সব উড়োজাহাজ নিরাপদে অবতরণ করেছে। তল্লাশি চালিয়ে কোথাও বিস্ফোরক পাওয়া যায়নি। খবর আল জাজিরার।

হুমকির মুখে পড়া উড়োজাহাজগুলোর মধ্যে ছিল রায়ানএয়ার, উইজ এয়ার, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস এবং পোল্যান্ডের লট। সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ে রায়ানএয়ারের চারটি ফ্লাইট।

এসব হুমকি কারা দিয়েছে, তা এখনো জানা যায়নি। কোনো ব্যক্তি বা সংগঠনও দায় স্বীকার করেনি। এর আগের দিনও একই ধরনের ঘটনা ঘটে। বুলগেরিয়াগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটিকে হাঙ্গেরিতে অবতরণ করতে বাধ্য করা হয়।

পোল্যান্ডে বিমানবন্দর সাময়িক বন্ধ

পোল্যান্ডের রাজধানী ওয়ারশগামী দুটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। কোপেনহেগেন থেকে আসা স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের এসকে৭৫১ ফ্লাইটটি ওয়ারশর শোপিন বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এ সময় তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দরের একটি রানওয়ে বন্ধ রাখা হয়।

Home R3