কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা এবং তা ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া পদক্ষেপে সৃষ্ট বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।
রোববার (২২ নভেম্বর) তিনি পদত্যাগ করেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ এআই দিয়ে নকল প্রতিরোধে যথাযথ প্রস্তুতির ঘাটতি ছিল বলে দায় স্বীকার করেন তিনি। প্রেসিডেন্ট লি জে মিয়ং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এএফপি জানায়, প্রায় নয় ঘণ্টার এই পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কয়েক দিন আগে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নকলের ঘটনা প্রকাশ্যে আসে।
এ ঘটনার পর সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় একাধিক জরুরি ব্যবস্থা নেয়। তবে প্রস্তুতির ঘাটতি ও শেষ মুহূর্তের কড়াকড়ি নিয়ে সমালোচনা তৈরি হয়। পার্লামেন্টের শুনানিতে নকল প্রতিরোধে নিজের আত্মবিশ্বাস নিয়েও প্রশ্নের মুখে পড়েন শিক্ষামন্ত্রী।
পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে চোই বলেন, কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে যথাযথ প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার দায় তিনি এড়াতে পারেন না।
প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।