যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগ উঠেছে ১৪ জনের বিরুদ্ধে। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত অন্তত ৩৬টি ট্রেনে ডাকাতি চালিয়ে নাইকির হাজার হাজার জুতা ও বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে কালোবাজারে বিক্রি করেছে চক্রটি।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগ, ‘লস ত্রেনেস’ নামের চক্রটি ট্রেনের বায়ু সরবরাহের পাইপ কেটে জরুরি ব্রেক সক্রিয় করে ট্রেন থামাত। এরপর সদস্যরা কনটেইনার থেকে পণ্য লুট করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়িতে লুকিয়ে রাখতেন।
চক্রটির কথিত নেতৃত্বে ছিলেন ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল। তাঁর বাবা, দুই চাচা ও অন্য সহযোগীরাও এতে জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
১৪ মাসের তদন্ত শেষে চলতি সপ্তাহে অভিযুক্তদের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগপত্র দাখিল করেছে কৌঁসুলিরা। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের কয়েকজনের অন্তত পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে। রেল পরিবহন সংস্থার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধানও রয়েছে।