গত মে মাসে নাগরিকদের স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, দেশবাসী সেই আহ্বানে সাড়া দেওয়ায় স্বর্ণের দাম কমেছে। এমনকি অনেকে তাঁকে বলছেন, তাঁর পরামর্শে তাঁদের অর্থ সাশ্রয় হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন মোদি।
নিজের আগের আহ্বানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, এক বছরের জন্য খুব প্রয়োজন না হলে অনুগ্রহ করে স্বর্ণ কিনবেন না।’ এ সময় ১৯৬৫ সালে তীব্র খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের সঙ্গে নিজের অনুরোধের তুলনা করেন তিনি।
মোদি বলেন, ‘সেসময় দেশবাসী শাস্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছিলেন। আমার বিশ্বাস, দেশের মানুষের মধ্যে সেই একই মানসিকতা এখনো রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কেনার অনুরোধ জানিয়েছিল, আর দেশবাসী তা মেনে নিয়েছেন। এর ফলে স্বর্ণের দাম কমেছে।’
গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভারতে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। মোদির আহ্বানের আগের দিন, অর্থাৎ গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে প্রতি গ্রাম ১২ হাজার ৫২৩ রুপিতে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর লক্ষ্যে নাগরিকদের স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন মোদি।
এর আগে হায়দরাবাদের এক সমাবেশে তিনি বলেছিলেন, ‘স্বর্ণ এমন একটি খাত, যেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে আমাদের এক বছরের জন্য স্বর্ণ না কেনার সংকল্প নিতে হবে।’
এ ছাড়া নাগরিকদের জ্বালানি ব্যবহার কমানো, বাসা থেকে অফিসের কাজ করা এবং বিদেশ ভ্রমণ সীমিত করারও আহ্বান জানিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে সেপ্টেম্বরে একই ধরনের আহ্বান জানিয়ে জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।