সৌদিতে এক সপ্তাহে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১০ হাজার ৭৮৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত নিরাপত্তা অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।

এদিকে সৌদিতে বর্তমানে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের মধ্যে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ এবং ২ হাজার ২১১ জন নারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ২৫০ জনকে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। একই সময়ে ১১ হাজার ৯১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জন এবং অবৈধভাবে দেশটি ছাড়ার চেষ্টায় ২৮ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় কিংবা অন্য কোনো ধরনের সহযোগিতা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এসব অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

Home R3