ইতালির সাবেক পুলিশ প্রধানের আত্মহত্যা

১৯৯২ সালে মাফিয়াবিরোধী বিচারক পাওলো বোরসেলিনো হত্যাকাণ্ডের তদন্তে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগে তদন্তের মুখে আত্মহত্যা করেছেন ইতালির সাবেক পুলিশ প্রধান জিয়ান্নি দে জেনারো। শনিবার দেশটির সরকারি এক কর্মকর্তা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

৭৮ বছর বয়সী দে জেনারো ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইতালির জাতীয় পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির নিরাপত্তা অঙ্গনের প্রভাবশালী এই কর্মকর্তা আশি ও নব্বইয়ের দশকে সিসিলির কুখ্যাত কোসা নস্ট্রা মাফিয়াসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

মৃত্যুর এক সপ্তাহেরও কম সময় আগে সিসিলির কালতানিসেত্তার কৌঁসুলিরা ১৯৯২ সালে পালেরমোতে গাড়িবোমা হামলায় বিচারক পাওলো বোরসেলিনো ও তাঁর পাঁচ পুলিশ দেহরক্ষী নিহত হওয়ার ঘটনায় তদন্তে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগে দে জেনারোর নাম তদন্তের আওতায় আনেন।

একজন বিচারক সাবেক পুলিশ প্রধানকে গৃহবন্দী রাখার বিষয়ে কৌঁসুলিদের আবেদন প্রত্যাখ্যান করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন কৌঁসুলিরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল।

দে জেনারোর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, তদন্তের খবর তাঁকে স্তম্ভিত করেছিল। তিনি নিজের বিরুদ্ধে ওঠা সব ধরনের অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছিলেন।

তাঁর আইনজীবী ফ্রান্সেসকো বের্তোরোত্তা লা রিপাবলিকা সংবাদপত্রকে বলেন, তিনি ব্যাপকভাবে ভেঙে পড়েছিলেন। যেসব অভিযোগকে তিনি অন্যায্য ও মানহানিকর মনে করতেন, সেগুলোর বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করতে গিয়ে তাঁকে দিশেহারা মনে হয়েছিল।

ইতালির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বজনেরা দে জেনারোর সঙ্গে যোগাযোগ করতে না পেরে সতর্ক করেন। পরে তাস্কানিতে তাঁর গ্রামের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বোরসেলিনো হত্যাকাণ্ডের তদন্ত সাম্প্রতিক ইতালীয় ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায়। এই হত্যাকাণ্ডের দুই মাসেরও কম সময় আগে মাফিয়াদের বোমা হামলায় দে জেনারোর ঘনিষ্ঠ সহযোগী ও মাফিয়াবিরোধী বিচারক জিওভান্নি ফ্যালকোন নিহত হয়েছিলেন।

বোরসেলিনো হত্যার ঘটনায় পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করেছিল, যাঁরা পরবর্তী সময়ে নির্দোষ প্রমাণিত হন। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত হয়। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তদন্তকে বিভ্রান্ত করার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

বোরসেলিনোর পরিবার দীর্ঘদিন ধরে ঘটনার পূর্ণাঙ্গ সত্য উদ্ঘাটনের দাবি জানিয়ে আসছে। দে জেনারোর মৃত্যুর খবরে হতাশা প্রকাশ করে বিচারকের ছেলে মানফ্রেদি বোরসেলিনো বলেন, “জেনারোর সঙ্গে সত্যের আরেকটি অংশ হয়তো হারিয়ে গেল।”

দে জেনারোর মৃত্যুতে ইতালির রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শোক প্রকাশ করেছেন। অন্যদিকে তাঁর কয়েকজন রাজনৈতিক মিত্র বলেছেন, দে জেনারোর বিরুদ্ধে প্রমাণের অভাব থাকা সত্ত্বেও গণমাধ্যমে তাঁকে নিয়ে অতিরিক্ত প্রচার চালানো হয়েছে।

উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, “একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য দেশে বিচার আদালত কক্ষেই সম্পন্ন হয়, এর বাইরে নয়।”

Home R3