স্পেনে প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর খরচ দিচ্ছে সরকার

স্পেনের মাদ্রিদে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশি মাহফুজুর রহমানের মরদেহ সরকারি অর্থায়নে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ৩ হাজার ৬৫০ ইউরো আর্থিক সহায়তা অনুমোদন করেছে।

জানা গেছে, গত ৩ অক্টোবর মাদ্রিদে মারা যান মাহফুজুর রহমান। জীবিকার তাগিদে তিনি সেখানে একটি মুদি দোকানে কাজ করতেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।

স্বজনদের আর্থিক অসচ্ছলতার কারণে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় তার স্ত্রী সরকারি অর্থায়নে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতে বাংলাদেশ দূতাবাসের কাছে লিখিত আবেদন করেন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দূতাবাস প্রয়োজনীয় নথিপত্রসহ বিষয়টি দ্রুত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠায়। দূতাবাসের উদ্যোগে মন্ত্রণালয় মরদেহ দেশে প্রত্যাবাসনের জন্য ৩ হাজার ৬৫০ ইউরো সহায়তা অনুমোদন করে। অনুমোদিত অর্থ মরদেহ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট ফিউনারেল হোমের কাছে হস্তান্তর করা হয়েছে।

দূতাবাস এক বিবৃতিতে জানায়, প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তার পরিবার গভীর শোকের পাশাপাশি নানা অনিশ্চয়তার মুখে পড়ে। বিশেষ করে অসচ্ছল পরিবারের জন্য প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা কঠিন হয়ে যায়। এমন পরিস্থিতিতে প্রবাসীদের পাশে দাঁড়ানো ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া দূতাবাসের অন্যতম মানবিক দায়িত্ব।

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস।

Home R3