পর্তুগালে আবাসন সংকট মোকাবিলায় বাড়ি নির্মাণসহ যেসব পরামর্শ আইএমএফের

পর্তুগালে আবাসন সংকট মোকাবিলা এবং বাড়িভাড়া ও সম্পত্তির দাম সাধারণ মানুষের নাগালে রাখতে নতুন বাড়ি নির্মাণ, ভাড়াবাজার সংস্কার ও সামাজিক আবাসনের পরিসর বাড়ানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

গত ১২ নভেম্বর ব্রাসেলসে ইউরোপীয় সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এসব সুপারিশ তুলে ধরেন আইএমএফের ইউরোপীয় বিভাগের পরিচালক মাতেউস শুরেক। তিনি বলেন, আবাসন ব্যয় কমাতে বাজারে বাড়ির সরবরাহ বাড়ানোর পাশাপাশি বিদ্যমান আবাসন ব্যবস্থার সংস্কার জরুরি।

আইএমএফের ২০২৬ সালের মূল্যায়ন অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের শেষ প্রান্তিক পর্যন্ত পর্তুগালে বাড়ির দাম বেড়েছে প্রায় ১৮০ শতাংশ। একই সময়ে ইউরোজোনে দাম বেড়েছে ৫৬ শতাংশ। সংস্থাটির হিসাবে, দেশটির আবাসিক সম্পত্তির দাম প্রকৃত মূল্যের তুলনায় ২০ থেকে ৪০ শতাংশ বেশি হতে পারে।

সংস্থাটি নতুন বাড়ি নির্মাণ সহজ করা, খালি বাড়ি ও স্বল্পমেয়াদি পর্যটক ভাড়ার আবাসন দীর্ঘমেয়াদি ভাড়াবাজারে আনা এবং নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য লক্ষ্যভিত্তিক আবাসন ভাতা চালুর পরামর্শ দিয়েছে। তবে বাড়ির সরবরাহ না বাড়িয়ে শুধু ক্রেতাদের আর্থিক সহায়তা দিলে সম্পত্তির দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আইএমএফ।

এদিকে আবাসন সংকট নিয়ে উদ্বেগ থাকলেও পর্তুগালের সরকারি আর্থিক ব্যবস্থাপনার প্রশংসা করেছে সংস্থাটি। আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২০ সালে জিডিপির তুলনায় দেশটির সরকারি ঋণের অনুপাত প্রায় ১৩৪ শতাংশ থাকলেও ২০২৫ সালে তা কমে ৮৯ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।

একই সঙ্গে ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও সতর্ক করেছে আইএমএফ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আয়ারল্যান্ড বাদে ইউরোজোনের প্রবৃদ্ধি ২০২৬ সালে ১ দশমিক ২ শতাংশ এবং ২০২৭ সালে ১ দশমিক ১ শতাংশ হতে পারে।

Home R3